হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার বাখরনখর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

\r\n

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ঘরের মালামালসহ প্রায় ১৬-১৭ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান চলছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।

\r\n

দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে।

\r\n

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ দুটিকে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।